
প্যারিস অলিম্পিকে ইতিহাসের পাতায় নতুন একটি অধ্যায় লিখেছেন কিউবার রেসলার মিহাইন লোপেজ। একই ইভেন্টে টানা পঞ্চমবার সোনা জয়ের কীর্তি অর্জন করে লোপেজ এখন অলিম্পিক ইতিহাসের অন্যতম কিংবদন্তি। এই সাফল্যের মাধ্যমে তিনি নাম লিখিয়েছেন কার্ল লুইস এবং মাইকেল ফেলপসের মতো কিংবদন্তিদের কাতারে।
গতকাল রাতে ১৩০ কেজি গ্রেকো-রোমান রেসলিং ইভেন্টের ফাইনালে চিলির ইয়াসমানি আকোস্তাকে হারিয়ে সোনার পদক অর্জন করেন লোপেজ। এর মাধ্যমে লুইস ও ফেলপসের রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি।
৪২ বছরে পা রাখতে চলা লোপেজ ২০২১ টোকিও অলিম্পিকের পর অবসর নিয়েছিলেন, কিন্তু এই রেকর্ড গড়তে আবারও রিংয়ে ফিরে আসেন। তিন বছর রেসলিংয়ের বাইরে থাকার পর এবং চারবার মেরুদণ্ডের সমস্যায় ভুগেও প্যারিস অলিম্পিকে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেন।
লুপেজের কোচ রাউল ত্রুয়িল্লো এএফপিকে জানিয়েছেন, “গৌরব নিয়ে তার মাথাব্যথা নেই। সে নিজে আনন্দ পেতে এবং খেলাকে ভালোবাসার জন্য এটি করেছে।”
জয়ের পর লোপেজ তাঁর জুতা রেসলিং ম্যাটে রেখে অবসর নেন। দর্শকেরা তাঁকে সম্মান জানিয়ে দাঁড়িয়ে ছিলেন, এবং লোপেজ জানিয়েছেন, “আমাদের তরুণদের সুযোগ করে দিতে হবে। সারা জীবন আমি রেসলিংকেই ভালোবেসেছি।”
বর্তমানে লেডেকি ছাড়া অন্যান্য টানা সোনাজয়ী অ্যাথলেটরা অবসর নিয়েছেন। ২৭ বছর বয়সী লেডেকি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেললে লোপেজের রেকর্ড ভাঙার সুযোগ পেতে পারেন।























