Google search engine

মিস দক্ষিণ আফ্রিকায় রেকর্ড গড়লেন মিয়া লে রুক্স

প্রথম বধির নারী হিসেবে মিস দক্ষিণ আফ্রিকা শিরোপা জিতে ইতিহাস গড়েছেন ২৮ বছর বয়সী মিয়া লে রুক্স। সুন্দরী প্রতিযোগিতা ঘিরে নানা বিতর্ক শেষে তাকেই বিজয়ী ঘোষণা করা হয়েছে। প্রতিযোগিতায় নিজের নাইজেরিয়ান ঐতিহ্য নিয়ে কটূক্তির শিকার হওয়ায় নাম প্রত্যাহার করে নিয়েছেন নাইজেরিয়ার একজন প্রতিযোগী।

দক্ষিণ আফ্রিকার সেরা সুন্দরীর মুকুট জয়ের পর মিয়া বলেন, তার এই জয় তাদেরকে অনুপ্রেরণা দেবে যারা নিজেদের স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজেকে সমাজ থেকে আলাদা মনে করেছেন। তিনি আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের সাহায্য করার ইচ্ছাও প্রকাশ করেছেন।

মাত্র এক বছর বয়সেই শ্রবণশক্তি হারানোর পর মিয়াকে শব্দ অনুভব করতে কক্লিয়ার ইমপ্লান্ট করাতে হয়েছিল। প্রথম শব্দটি উচ্চারণ করতে পারার আগে তাকে অন্তত দুই বছর স্পিচ থেরাপি নিতে হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

জয়ের পর মডেল এবং মার্কেটিং ম্যানেজার মিয়া বলেন, “আমি একজন গর্বিত দক্ষিণ আফ্রিকান বধির নারী এবং সমাজ থেকে নিজেকে আলাদা মনে করতে কেমন লাগে তা আমি জানি। আমি জানি, আমাকে বাধা জয় করার জন্যই পৃথিবীতে পাঠানো হয়েছে এবং আজ রাতে আমি সেটাই করেছি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest