Google search engine

রোনালদো ঝলকে ফাইনালে আল-নাসর

ফুটবলে নিজের জাদু দেখানোর ক্ষমতা যে এখনও অটুট আছে, সেটা আবার প্রমাণ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরো ২০২৪-এ পর্তুগালের হয়ে হতাশাজনক পারফরম্যান্সের পর তিনি একটু আড়ালে চলে গিয়েছিলেন। ইনস্টাগ্রামে তার সেই ঝলমলে পোস্টগুলোও কমে গিয়েছিল। তবে ফিটনেস ট্রেনিংয়ে নিজেকে ডুবিয়ে রেখে রোনালদো তৈরি হয়েছেন নতুন চমক দেখানোর জন্য। আর সেটির মিলল গতকাল সৌদি সুপার কাপে আল-তাওয়ুনের বিপক্ষে। এই ম্যাচে গোল করে দলকে ফাইনালে পৌঁছে দেন তিনি।

৩৯ বছর বয়সী এই সুপারস্টার সেমিফাইনালের শুরু থেকেই ছন্দে ছিলেন। অষ্টম মিনিটে সাদিও মানের দুর্দান্ত এক ড্রিবলিংয়ের পর রোনালদোর নিখুঁত পাস থেকে আয়মান ইয়াহিয়া গোল করে দলকে এগিয়ে নেন। তবে, আল-তাওয়ুনও সহজ প্রতিপক্ষ ছিল না। প্রথমার্ধে কয়েকটি দারুণ আক্রমণ করলেও ব্রাজিলিয়ান গোলরক্ষক বেনটো আল-নাসরের লিড ধরে রাখতে গুরুত্বপূর্ণ কিছু সেভ করেন। প্রথমার্ধের শেষদিকে রোনালদো মানেকে আরেকটি গোলের সুযোগ তৈরি করে দিলেও, আল-তাওয়ুনের গোলরক্ষক মেইলসন সান্তোস সেই প্রচেষ্টায় রুখে দেন।

তবে, রোনালদোর ঝলক এখানেই থেমে থাকেনি। দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে ইয়াহিয়ার চমৎকার এক ক্রস থেকে রোনালদো নিজেই গোল করে নতুন মৌসুমে প্রথম গোলের খাতা খোলেন। রোনালদোর এই গোলটি ছিল নিখুঁত, যা দেখেই বোঝা গেল যে, তার শুটিং দক্ষতা এখনও বিশ্বসেরা। ম্যাচের শেষদিকে তিনি আরও একটি গোলের সুযোগ পেয়েছিলেন, কিন্তু ভাগ্য সহায় হয়নি—বলটি পোস্টে লেগে ফিরে আসে।

এখন, সামনে আরও বড় চ্যালেঞ্জ। শনিবার সৌদি সুপার কাপের ফাইনালে লিগ চ্যাম্পিয়ন আল-হিলালের মুখোমুখি হবে রোনালদোর আল-নাসর। সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের প্রিয় সুপারস্টারের আরেকটি জাদুকরি পারফরম্যান্স দেখার জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest