
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের টেলিফোন কল পেয়েছেন তিনি। শুক্রবার বিকেল ৫টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এ তথ্য জানিয়েছেন মোদি।
মোদি লিখেছেন, ‘অধ্যাপক মুহাম্মদ ইউনূসের একটি টেলিফোন কল পেয়েছি। তিনি বিরাজমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।’
পোস্টে মোদি আরও উল্লেখ করেছেন, ড. ইউনূস বাংলাদেশের হিন্দুসহ সব ধর্মের সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।
এর আগে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির রেড ফোর্ট থেকে দেওয়া এক ভাষণে নরেন্দ্র মোদি বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ভারতের ১৪০ কোটি মানুষ। ভারত সব সময় বাংলাদেশের অগ্রগতি চায়। আমরা আশা করি, শিগগিরই বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সেখানে হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।’
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তিনি এখনো সেখানেই অবস্থান করছেন।























