
কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদ অভিষেকের ম্যাচটি ছিল আলোচনার কেন্দ্রে। তবে সেই ম্যাচেই সবার দৃষ্টি এড়িয়ে নিজের নাম রিয়াল মাদ্রিদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে ফেললেন লুকা মদরিচ। আতালান্তাকে ২-০ গোলে হারানোর মধ্য দিয়ে সর্বোচ্চ ২৭টি শিরোপা জেতার রেকর্ড গড়েছেন রিয়ালের এই ক্রোয়াট মিডফিল্ডার।

মদরিচ এ কীর্তি গড়ার মাধ্যমে ছাড়িয়ে গেছেন রিয়ালের দুই তারকা নাচো ও দানি কারভাহালকে, যারা প্রত্যেকে জিতেছেন ২৬টি শিরোপা। করিম বেনজেমা ও মার্সেলো ২৫টি করে শিরোপা জিতেছেন রিয়ালের হয়ে।
২০১২ সালে টটেনহাম থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর মদরিচ রিয়ালের হয়ে ছয়টি চ্যাম্পিয়নস লিগ, পাঁচটি উয়েফা সুপার কাপ, পাঁচটি ফিফা ক্লাব বিশ্বকাপ, চারটি লা লিগা, দুটি কোপা দেল রে এবং পাঁচটি স্প্যানিশ সুপার কাপ জিতেছেন। রিয়ালের হয়ে ৫৩৫ ম্যাচে মাঠে নেমে ৩৯টি গোল করেছেন এবং ৮৬টি গোলে সহায়তা করেছেন তিনি।
মদরিচের রেকর্ড গড়ার ম্যাচে রিয়াল মাদ্রিদ রেকর্ড সর্বোচ্চ ষষ্ঠবারের মতো সুপার কাপ জয় করেছে, যা বার্সেলোনা ও এসি মিলানের পাঁচবারের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। ওই ম্যাচে রিয়ালের হয়ে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে ও ফেদে ভালভের্দে।

এক ক্লাবের হয়ে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডে এখন রায়ান গিগস ও লিওনেল মেসি যৌথভাবে শীর্ষে রয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৩৫টি শিরোপা জিতেছেন গিগস, আর বার্সেলোনার হয়ে ৩৫টি শিরোপা জিতেছেন মেসি। তবে সব মিলিয়ে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড মেসির দখলে। মেসির মোট শিরোপার সংখ্যা ৪৫, আর ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজ জিতেছেন ৪৩টি শিরোপা।























