
বাংলাদেশে চট্টগ্রামের বন্দর-পতেঙ্গা আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে রিমান্ডে নেয়া হয়েছে।
অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, শনিবার (১৭ আগস্ট) শুনানি শেষে মহানগর হাকিম জুয়েল দেব এ আদেশ দেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর কাদের পাটোয়ারী জানান, নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে শুক্রবার (১৬ আগস্ট) রাতে এম এ লতিফকে গ্রেপ্তার করা হয়। তার জন্য সাত দিনের রিমান্ড আবেদন চেয়ে শনিবার আদালতে পাঠানো হয়। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
মামলার বিবরণে জানা যায়, গত ৪ আগস্ট নগরীর নিউ মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি শেষে বাসায় ফেরার পথে দেওয়ানহাট এলাকায় গুলিতে আহত হন এরশাদ নামের এক ব্যক্তি।
নগর ছাত্রলীগ নেতা জাকারিয়া দস্তগীরসহ আসামিরা রড, হকিস্টিক দিয়ে বাদী ও তার সঙ্গে থাকা লোকজনকে পিটিয়ে আহত করে বলে বলা হয় এজাহারে।
এ সময় হামলাকারীরা হাতবোমারও বিস্ফোরণ ঘটায়। হাসপাতালে চিকিৎসাধীন আহত এরশাদ বাদী হয়ে এম এ লতিফসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেন।























