Google search engine

অক্সফোর্ডের চ্যান্সেলর হতে আবেদন করলেন ইমরান খান

জেলে বন্দী থাকা অবস্থাতেই ব্রিটেনের বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে আবেদন করেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর দলের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

অক্সফোর্ডের প্রাক্তন ছাত্র ইমরান খান তাঁর আবেদনপত্র আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন বলে জানিয়েছেন লন্ডন-ভিত্তিক মুখপাত্র সৈয়দ জুলফিকার বুখারি। তিনি বলেন, ‘‘যদিও ইমরান খান গত এক বছরের বেশি সময় ধরে অবৈধভাবে কারাবন্দী, তারপরও তিনি তাঁর আদর্শ এবং লক্ষ্য থেকে বিচ্যুত হননি।’’

ইমরান খানের মুখপাত্র এএফপিকে আরও বলেন, ‘‘এটি একটি মর্যাদাপূর্ণ পদ, এবং ইমরান খান অক্সফোর্ডের একজন প্রাক্তন ছাত্র হিসেবে এই পদে নির্বাচিত হলে এটি পাকিস্তানের জন্যই শুধু নয়, গোটা এশিয়ার জন্য গর্বের বিষয় হবে।’’

ইমরান খান ১৯৭৫ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি এবং অর্থনীতি বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে তিনি পাকিস্তানের সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন হিসেবে পরিচিতি লাভ করেন। এছাড়া, তিনি ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী ইমরান খান ২০২২ সালে অনাস্থা ভোটে পরাজিত হন এবং তারপর পুনরায় ফিরে আসার প্রচেষ্টা চালান। তিনি গত বছর আগস্ট মাসে কারাবন্দী হন এবং বিভিন্ন অভিযোগে বর্তমানে কারাগারে রয়েছেন।

ইমরান খান বলেছেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং তাঁকে ক্ষমতা থেকে দূরে রাখার ষড়যন্ত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest