
রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী নসরুল হামিদের প্রতিষ্ঠান হামিদ গ্রুপে অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন। বুধবার ভোর সাড়ে ৪টা থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বনানীর ‘প্রিয় প্রাঙ্গণ’ ভবনে এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে নগদ অর্থসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।
অভিযানের সময় ‘প্রিয় প্রাঙ্গণ’ বিল্ডিংয়ের দোতলার হামিদ গ্রুপের অফিসের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস রুম থেকে বিভিন্ন মুদ্রা ও নগদ টাকা উদ্ধার করা হয়। ভল্ট এবং ড্রয়ার থেকে পাওয়া যায় ৫০০ টাকার ৪টি বান্ডেল, ১০০০ টাকার ৭৫টি নোট, ২০০ টাকার ১০০টি নোটসহ সর্বমোট ৩ লাখ ৮ হাজার ৭০০ টাকা। এছাড়া আরেকটি ড্রয়ার থেকে ৮৫ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। সব মিলিয়ে এই রুম থেকে ৩ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।
এছাড়া, হামিদ গ্রুপের ছয়তলার অফিস থেকে ১০০০ টাকার ২০টি বান্ডেল, ৫০০ টাকার ১২০টি নোট এবং অন্যান্য মুদ্রাসহ সর্বমোট ২০ লাখ ৯৩ হাজার টাকা জব্দ করা হয়। পাশাপাশি অফিস থেকে ৫০ পাউন্ডের ৪টি নোট, ৫১০ লিরা এবং অন্যান্য বিদেশি মুদ্রাও উদ্ধার করা হয়।
অভিযানের সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।























