
দুই বছরের বিবাহিত জীবনের পর হলিউড তারকা জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেকের বিবাহ বিচ্ছেদ হচ্ছে। লোপেজ লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টে মঙ্গলবার (২০ আগস্ট) বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন।
বিখ্যাত এই জুটিকে ট্যাবলয়েডে ‘বেনিফার’ নামে ডাকা হতো। ২০২২ সালের জুলাই মাসে তারা লাস ভেগাসে গোপনে বিয়ে করেন এবং পরের মাসে জর্জিয়ায় বড় একটি অনুষ্ঠান সম্পন্ন করেন। তাদের প্রেমের গল্প শুরু হয়েছিল ২০০৩ সালে “গিগলি” সিনেমার সেটে। তারা মূলত ২০০৪ সালে বিয়ের পরিকল্পনা করেছিল, তবে সেই বছরেই তারা সম্পর্ক ভেঙে ফেলেন। প্রায় দুই দশক পর তারা আবারও একত্রিত হন।
২০২২ সালে লাস ভেগাসে বিয়ের ঘোষণা করার সময় লোপেজ বলেছিলেন, “ভালোবাসা সুন্দর। ভালোবাসা সহানুভূতিশীল। এবং দেখা যাচ্ছে, ভালোবাসা ধৈর্যশীল। বিশ বছরের ধৈর্য।” আদালতের নথি অনুসারে, লোপেজকে এখন অ্যাফ্লেককে বিবাহ বিচ্ছেদের পিটিশনের একটি কপি প্রদান করতে হবে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, লোপেজ তার আবেদনপত্রে কোনো প্রাক-বিবাহ চুক্তির বিশদ বিবরণ উল্লেখ করেননি। আদালতের নথিতে বলা হয়েছে, লোপেজ এবং অ্যাফ্লেক উভয়কেই তাদের বর্তমান আয়, ব্যয়, সম্পত্তি এবং ঋণসহ আর্থিক তথ্য ভাগ করে নিতে হবে। অর্থনৈতিক তথ্য প্রদানে ব্যর্থ হলে আদালত শাস্তি আরোপ করতে পারে।
গত কয়েক মাস ধরে তাদের সম্পর্ক নিয়ে নানা গুজব ছড়িয়েছে। তারা সম্প্রতি ৬৫ মিলিয়ন ডলারে তাদের বেভারলি হিলসের প্রাসাদ বিক্রি করার চেষ্টা করেছেন এবং আলাদা আলাদা অবস্থায় দেখা গিয়েছে তাদের।
অ্যাফ্লেক দুইবার অস্কার জিতেছেন এবং এর আগে তিনি অভিনেত্রী জেনিফার গার্নারকে বিয়ে করেছিলেন। তাদের তিনটি সন্তান রয়েছে।

অন্যদিকে, লোপেজ চারবার বিয়ে করেছেন এবং তার দুই সন্তান আছে।























