
বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে ‘ঠাট্টা’ করে সংবাদ প্রকাশ করার পর ভারতের নিউজ সম্প্রচার সংস্থা জি মিডিয়া করপোরেশন লিমিটেডের ওয়েবসাইট হ্যাক হয়েছে।
গতকাল বুধবার (২১ আগস্ট) সন্ধ্যার পর থেকে জি মিডিয়ার ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়। ওয়েবসাইটের ফ্রন্টপেইজে একটি বার্তা প্রদর্শিত হচ্ছে যেখানে লেখা রয়েছে, ‘সিস্টেম অ্যাডমিন বিডি’ কর্তৃক ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে।
হ্যাকাররা ফ্রন্টপেইজে আরও একটি বার্তা দিয়েছেন, যেখানে বলা হয়েছে, ‘বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ঠাট্টা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে। এ নিয়ে আরও কাদা ছোড়াছুড়ি করলে নিউজ চ্যানেল দখল এবং ধ্বংস করে দেওয়া হবে।’

এর আগে বুধবার (২১ আগস্ট) ভারতীয় চ্যানেল ‘জি ২৪ ঘণ্টা’ বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে ‘ঠাট্টা’ করে একটি সংবাদ প্রকাশ করে, যার শিরোনাম ছিল ‘ভারত ছাড়ল জল! হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই শিরোনাম নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং বাংলাদেশের নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেন। একইসঙ্গে, সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে মিথ্যা খবর প্রচারের অভিযোগও উঠেছে ভারতের এক শ্রেণির সংবাদমাধ্যমের বিরুদ্ধে। সমালোচনার পরিপ্রেক্ষিতে শিরোনামটি পরিবর্তন করে জি মিডিয়া।























