Google search engine

‘ভারতে পালাতে’ গিয়ে সিলেটে গ্রেপ্তার সাবেক বিচারপতি মানিক

ভারতে যাওয়ার চেষ্টার সময় গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে।

শুক্রবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ইতোমধ্যে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য করার’ অভিযোগে রাজধানী ঢাকা ও নোয়াখালীতে দু’টি মামলা হয়েছে তার বিরুদ্ধে।

সেগুলোর মধ্যে একটি করেছেন মো. জিয়াউল হক নামের এক আইনজীবী।

গত বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকার মহানগর হাকিম সাইফুল ইসলামের আদালতে দায়ের করা ওই মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুকেও আসামি করা হয়েছে।

‘মানহানির’ অভিযোগে বিবাদীদের কাছে ৩০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন বাদী। বিচারক তার আর্জি শুনে অভিযোগ তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, শামসুদ্দিন চৌধুরী মানিক ২০২২ সালের ৩ অক্টোবর চ্যানেল আইয়ের একে আলোচনা অনুষ্ঠানে জিয়াউর রহমানকে ‘রাজাকার ও যুদ্ধাপরাধী হিসেবে’ আখ্যায়িত করেন। গত বছরের ১৫ ফেব্রুয়ারি একটি সেমিনারে তিনি বলেন, জিয়াউর রহমান ‘মুক্তিযোদ্ধা ছিলেন না’। তিনি ছিলেন মুক্তিযুদ্ধে ‘অনুপ্রবেশকারী’।

এছাড়া জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ গত ১৯ আগস্ট নোয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আরেকটি মামলা করেন।

সেখানেও জিয়াউর রহমান সম্পর্কে ‘আপত্তিকর মন্তব্য’ করার অভিযোগ আনা হয়েছে সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest