
বাংলাদেশে চট্টগ্রাম নগরীর অনন্যা আবাসিক এলাকার অক্সিজেন–কুয়াইশ সড়কে দুর্বৃত্তের গুলিতে দুইজন খুন হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে আবাসিক এলাকাটি সংলগ্ন নাহার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন হাটহাজারীর পশ্চিম কুয়াইশ এলাকার ওসমান আলী মেম্বারের বাড়ির মৃত মো. ইসহাকের ছেলে মো. আনিস (৩৮)।
অপরজন হলেন একই উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম কোয়াইশ (বিল্লা বাড়ি) এলাকার মৃত মো. রফিকের ছেলে মাসুদ কায়ছার (৩২)।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সিনহা জানান, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তের ছোড়া গুলিতে নাহার গার্ডেনের সামনে দু’জন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কেন এ হত্যাকাণ্ড, সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অক্সিজেন-কুয়াইশ সড়কে হেঁটে যাচ্ছিলেন আনিস ও মাসুদ কায়ছার। তারা নাহার কমিউনিটি সেন্টার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে দু’জনই মাটিতে লুটিয়ে পড়েন।























