
স্বাভাবিক নিয়মে লেনদেন না চলায় এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট সাতটি ব্যাংকসহ নয়টি ব্যাংকের চেক, পে–অর্ডার গ্রহণ করবে না চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সেবা নিতে কোনো প্রতিষ্ঠান এসব ব্যাংকের চেক বা পে–অর্ডার দিলে সেগুলো গ্রহণ না করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে।
গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আবদুস শাকুর স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ৯টি ব্যাংকের সঙ্গে চট্টগ্রাম বন্দরের লেনদেন স্বাভাবিক নিয়মে চলছে না। এসব ব্যাংক থেকে আগের মেয়াদী আমানতসহ বিভিন্ন আমানত উত্তোলন করতে পারছে না চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ফলে এসব ব্যাংকে নতুন করে সব ধরনের লেনদেনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞায় পড়া ব্যাংকগুলো হলো গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, বাংলাদেশ কমার্স ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, পদ্মা ব্যাংক পিএলসি, ন্যাশনাল ব্যাংক পিএলসি ও আইসিবি ইসলামী ব্যাংক পিএলসি।
প্রসঙ্গত, এই নয়টি ব্যাংকের গ্রাহকরা দুই সপ্তাহ ধরে অনলাইনে শুল্ক কর পরিশোধ করতে পারছেন না। সেই সঙ্গে এসব ব্যাংকের পে–অর্ডারও ফিরিয়ে দেয় অনেক শিপিং এজেন্ট। এমনকি অন্য ব্যাংকে তহবিল স্থানান্তর করতেও অসুবিধায় পড়েছেন আমদানিকারকরা। তাই বন্দর থেকে পণ্য ডেলিভারি নিতে বিলম্ব হওয়ায় বাড়ছে কনটেইনার জট।























