Google search engine

এ সপ্তাহে চেকে নগদ তোলা যাবে সর্বোচ্চ ৫ লাখ টাকা

১ সেপ্টেম্বর (রবিবার) শুরু হওয়া সপ্তাহে বাংলাদেশে যেকোনো ব্যাংকে চেকের মাধ্যমে নগদ টাকা তোলার পরিমাণ আরও এক লাখ টাকা বাড়িয়ে ৫ লাখ টাকা করেছে বাংলাদেশ ব্যাংক।

গত সপ্তাহে নগদ তোলার এ সুযোগ ছিল সর্বোচ্চ ৪ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে নগদ উত্তোলনের সুযোগ আরও ১ লাখ টাকা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক।

শনিবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তটি সব বাণিজ্যিক ব্যাংককে অবহিত করা হয়েছে। সেই সাথে ‘নিরাপত্তার কারণ’ দেখিয়ে ব্যাংকগুলোকে এ নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট সরকার পতনের পর ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংকিং লেনদেনে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেয়। তারপর সেই সপ্তাহে ব্যাংক থেকে চেকের মাধ্যমে ১ লাখ টাকার বেশি তুলতে না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

অবশ্য চেকের মাধ্যমে ৫ লাখ টাকার বেশি তোলা না গেলেও ডিজিটাল লেনদেনে যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর করার সুযোগ থাকছে।

তারপরও চেকের মাধ্যমে টাকা তোলার ক্ষেত্রে বা কোনো লেনদেনে সন্দেহ হলে সেটি বন্ধ করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest