Google search engine

বিজ্ঞাপনের নামে পরিবেশের বিপর্যয়

শিল্প মানুষের জীবনের অপরিহার্য অংশ। সৌন্দর্য ও শৈল্পিকতা যুগের পর যুগ ধরে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিজ্ঞাপন শিল্পও এর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা বাণিজ্যকে আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তোলে। সংবাদপত্র, রেডিও, টেলিভিশন কিংবা পথের পাশে বড় বড় বিলবোর্ড, বিজ্ঞাপনের উপস্থিতি সর্বত্র। কিন্তু বর্তমানে বিজ্ঞাপনের এই আড়ম্বরপূর্ণ দিকটি পরিবেশের জন্য এক নতুন বিপর্যয় সৃষ্টি করছে।

বন্দরনগরী চট্টগ্রামের চকবাজার এলাকার গুলজার টাওয়ারের সামনে দেখা যায়, ২০-২৫ জন শিক্ষক এবং ১০-১২টি কোচিং সেন্টারের লিফলেট, কার্ডসহ বিভিন্ন কাগজের বিজ্ঞাপন রাস্তা জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। পথচারীরা এসব লিফলেটের উপর পা দিয়ে চলাচল করছেন, যা রাস্তার শোভা নষ্ট করার পাশাপাশি পরিবেশ দূষণও বাড়াচ্ছে। শুধু তাই নয়, অনেক জায়গায় ড্রেন ও জমে থাকা পানির সাথে একাকার হয়ে গেছে এসব বিজ্ঞাপনের কাগজ।

প্রতিবেদক সরেজমিনে গিয়ে দেখেন, শিক্ষার্থীদের হাতে লিফলেট তুলে দেওয়া হলেও বেশিরভাগ শিক্ষার্থী তা নিতে অপারগতা প্রকাশ করেন। তবে মাটিতে এত কাগজ কীভাবে জমছে, তা জানতে প্রতিবেদক কথা বলেন এক বিজ্ঞাপন বিলির সাথে জড়িত যুবকের সাথে। নাম প্রকাশে অনিচ্ছুক সেই যুবক জানান, “অনেক কাগজ একসাথে ছড়িয়ে ছিটিয়ে থাকলে স্যার বা কোচিংয়ের নাম সহজে নজরে আসে। তাই ইচ্ছা করেই কিছু কাগজ আমরা ফেলে রাখি।”

এ ধরনের অপরিকল্পিত কাগজ ছড়ানোর ফলে শুধু যে পরিবেশ দূষিত হচ্ছে, তা নয়; এতে সাধারণ মানুষের জীবনের দৈনন্দিন কার্যক্রমও ব্যাহত হচ্ছে। এ বিষয়ে গুলজার টাওয়ারের প্রাইম মিডিয়াকেয়ারের ব্যবসায়ী জাফর আজমী মুহাম্মদ সামি বলেন, “এত লিফলেট, কার্ড এবং কাগজের বিজ্ঞাপন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশের সৌন্দর্য সম্পূর্ণভাবে নষ্ট করে দিচ্ছে। অনেক সময় গ্রাহকরা এই নোংরা পরিবেশ দেখে বিরক্ত হয়ে আমাদের মার্কেট এড়িয়ে চলেন। এর ফলে আমাদের ব্যবসায়িক ক্ষতিও হচ্ছে।”

এটি শুধু ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে সমস্যা নয়; এটি পরিবেশের জন্যও মারাত্মক ক্ষতিকর। যত্রতত্র ছড়িয়ে থাকা কাগজের স্তুপ আমাদের রাস্তাঘাটের শোভা নষ্ট করছে এবং ড্রেনেজ ব্যবস্থার ওপর চাপ বাড়াচ্ছে, যা পরবর্তীতে জলাবদ্ধতা ও স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে।

পরিবেশ বাঁচাতে, সচেতন হতে হবে। কাগজের ব্যবহার কমানো এবং সঠিকভাবে ফেলার প্রতি গুরুত্বারোপ করতে হবে। বিজ্ঞাপনের এই অনিয়ন্ত্রিত কাগজ ছড়ানো বন্ধ করা জরুরি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হলে, আজ থেকেই আমাদের পদক্ষেপ নিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest