
জুলাই গণহত্যায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
আজ সোমবার (৯ সেপ্টেম্বর) উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, স্বচ্ছতার স্বার্থে যা প্রয়োজন তাই করা হবে। হত্যাযজ্ঞের তথ্য চেয়ে ইতোমধ্যে দেশের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনদের কাছে চিঠি পাঠানো হয়েছে। কবরস্থান কর্তৃপক্ষের কাছেও তথ্য চাওয়া হয়েছে।
এদিকে, প্রথমবারের মতো দেশের আদালতে ক্যামেরা বসবে। যে কেউ তা দেখতে পারবে যেকোনো জায়গা থেকেই।
গত ৮ সেপ্টেম্বর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছিলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধী বিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গণহত্যার অভিযোগে দায়ের করা অধিকাংশ মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে।























