
বাংলাদেশের সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে রাজধানী ঢাকার ইস্কাটন এলাকা থেকে আটক করেছে র্যাব–২–এর একটি দল।
তিনি মেহেরপুর–১ আসনের সাবেক সংসদ সদস্য। তার বিরুদ্ধে ঢাকা ও মেহেরপুরে একাধিক হত্যা মামলা রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ৫ আগস্ট ছাত্র–জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আটক করেছে বলে জানিয়েছে র্যাব সূত্র।
প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর মেহেরপুরে জামায়াত নেতা তারিক মো. সাইফুল ইসলাম হত্যার ১০ বছর পর সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, তৎকালীন পুলিশ সুপার (এসপি) নাহিদুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়।
মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন নাহারের আদালতে নিহতের ছোট ভাই তাওফিকুল ইসলাম বাদী হয়ে মামলার আবেদন করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে এজাহার নেওয়ার নির্দেশ দেয়।
ফরহাদ হোসেনের বিরুদ্ধে ঢাকায়ও মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে গঠিত মন্ত্রিসভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী হন ফরহাদ হোসেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে নির্বাচিত হয়ে জনপ্রশাসন মন্ত্রী হন।
তার স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলাম শিলা জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের ভাতিজি।























