
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন সফররত মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা। এ বৈঠকে তাঁরা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রতিষ্ঠান গঠন ও উন্নয়নে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। ঢাকায় মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট শেয়ার করেছে।
পোস্টে বলা হয়, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় আমাদের প্রতিনিধিদল বাংলাদেশের মানুষের কল্যাণে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রতিষ্ঠান গঠন এবং উন্নয়নে সহযোগিতা করার নিশ্চয়তা দিয়েছে। যেহেতু বাংলাদেশ একটি ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, যুক্তরাষ্ট্র এই প্রচেষ্টায় তাদের পাশে রয়েছে।”
এর আগে, মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে পৃথক বৈঠক করেন অর্থ, বাণিজ্য ও বিজ্ঞান উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরে মার্কিন দূতাবাসের পেজে আরও জানানো হয়, “আমরা বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং মানবাধিকার রক্ষার বিষয়ে একসঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায়ও আমরা সহযোগিতা করতে প্রস্তুত।”
অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর দূতাবাসের পেজে বলা হয়, “বাংলাদেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করার ওপর জোর দেয়া হয়েছে। কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে মার্কিন পক্ষ তাদের সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।”























