
ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার হাজারও শহিদের রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থানের ফসল উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, এই সরকারের ব্যর্থতা হবে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের ব্যর্থতা। জনগণকে উস্কানি দিয়ে এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা হলেও জনগণ এমন কিছু করতে দেবে না। তবে, অন্তর্বর্তীকালীন সরকারকে নিজেরাই ব্যর্থ না হওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি সংস্কার প্রক্রিয়া একটি চলমান প্রক্রিয়া হিসেবে বিবেচনা করে। ২০২৩ সালে ঘোষিত ৩১ দফা কর্মসূচি সংশোধনের প্রস্তাবও বিএনপি গ্রহণ করতে প্রস্তুত। বিএনপির লক্ষ্য হলো, জনগণের ক্ষমতায়ন এবং তাদের ভোটাধিকার নিশ্চিত করা।
তারেক রহমান স্বৈরাচারী হাসিনা সরকারের কঠোর সমালোচনা করে বলেন, গত ১৫ বছরে মাফিয়া চক্র দেশকে ভঙ্গুর করে দিয়েছে। দেশের ব্যাংকিং খাত থেকে ১৭ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে, এবং দেশের বৈদেশিক ঋণ ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এই ঋণের বোঝা ভবিষ্যৎ প্রজন্মকে বহন করতে হবে।
তারেক রহমান বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার ও সার্বভৌমত্ব রক্ষায় দেশের জনগণ ঐক্যবদ্ধ আছে এবং তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব।























