
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে কোনো বৈঠকের সম্ভাবনা নেই। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের পক্ষ থেকে এ ধরনের বৈঠকের কোনো পরিকল্পনা নেই।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে এই বৈঠকের জন্য আগ্রহ প্রকাশ করা হলেও, মোদির নিউইয়র্ক সফরে তার ব্যস্ত সময়সূচির কারণে এটি সম্ভব হচ্ছে না। বিশেষ করে, কোয়াড শীর্ষ বৈঠক এবং ভারতীয় প্রবাসীদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকের জন্য তার সময় পুরোপুরি নির্ধারিত।
ভারতীয় কর্মকর্তারা আরও জানান, ড. ইউনূসের সাম্প্রতিক মন্তব্য, বিশেষত শেখ হাসিনার সমালোচনা এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি নয়াদিল্লির কাছে সন্তোষজনক মনে হয়নি। ইউনূস তার সাক্ষাৎকারে ভারতের ওপর বাংলাদেশ সরকারের অতিরিক্ত নির্ভরশীলতার সমালোচনা করেন এবং হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ইঙ্গিত প্রদান করেন, যা ভারতীয় কর্তৃপক্ষের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ঢাকার অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের প্রায় প্রতিদিনকার ভারতের সমালোচনা নয়াদিল্লির জন্য অস্বস্তিকর হয়ে উঠছে। এ কারণে, দুই দেশের মধ্যে সম্পর্কের যে টানাপোড়েন চলছে, তা এই বৈঠকের অনুপস্থিতিতে আরও প্রকট হতে পারে।























