
প্রচণ্ড শক্তিশালী হারিকেন হেলেন ফ্লোরিডার বিগ বেন্ড অঞ্চলে আছড়ে পড়েছে, যা একটি ক্যাটাগরি ৪ এর ঝড়ে রূপ নিয়েছে। শক্তিশালী ঘূর্ণিঝড়ের কারণে প্রচণ্ড ঝোড়ো বাতাস এবং ২০ ফুট উচ্চতার বিপর্যয়কর জলোচ্ছ্বাসের শঙ্কা করা হচ্ছে, যা মানুষের জীবনের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে।
ফ্লোরিডার টেলর কাউন্টির আশেপাশে ঝড়ের মূল আঘাত লক্ষ্য করা গেছে। তালাহাসি ও ট্যাম্পার মধ্যে এর প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয়েছে। ঝড়ের প্রভাবে জর্জিয়ার উইলার কাউন্টিতে কমপক্ষে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যেখানে টর্নেডো সতর্কতার মধ্যে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিম উপকূলের অনেক জায়গায় জলোচ্ছ্বাস তৈরি হয়েছে। বিশেষ করে স্টেইনহ্যাচির মতো উপকূলীয় শহরগুলোতে বিভিন্ন বাড়ি ভেসে যেতে দেখা গেছে।
বিদ্যুৎহীন ফ্লোরিডা
হেলেনের শক্তিশালী বাতাসের কারণে ফ্লোরিডার অনেক এলাকা এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন। ঝড়ের প্রভাবে রাজ্যের প্রায় এক মিলিয়নেরও বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। সেন্ট পিটার্সবার্গে ৮২ মাইল বেগের বাতাসের গতি রেকর্ড করা হয়েছে, সারাসোটায় যা ৭৪ মাইল।

জর্জিয়া, দক্ষিণ ক্যারোলিনা এবং উত্তর ক্যারোলিনাতেও ব্যাপক বিদ্যুৎ বিচ্ছিন্নতার খবর পাওয়া গেছে।
জলোচ্ছ্বাসের ভয়াবহতা
ন্যাশনাল হারিকেন সেন্টারের (NHC) মতে, হেলেনের কারণে ফ্লোরিডা উপকূলের বেশিরভাগ অংশে বিপজ্জনক জলোচ্ছ্বাসের শঙ্কা ছিল। কারাবেল থেকে সুয়ানি নদী পর্যন্ত ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের পূর্বাভাস ছিল। অন্যান্য অঞ্চলেও ১০-১৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা করা হয়েছে।

হেলেনের প্রভাব শুধুমাত্র উপকূলীয় এলাকাগুলোতেই সীমাবদ্ধ থাকবে না, বরং ফ্লোরিডার অন্যান্য অঞ্চল, এমনকি জর্জিয়াতেও হ্যারিকেনের মতো ঝোড়ো বাতাস অনুভূত হবে। ঝড়টি দ্রুত বেগে অগ্রসর হওয়ায় এর প্রভাব আরও বেশ কিছুদিন ধরে থাকতে পারে।

জলোচ্ছ্বাসের পাশাপাশি কয়েক ইঞ্চি বৃষ্টিপাতের কারণে দক্ষিণ-পূর্ব অঞ্চলে ব্যাপক বন্যা পরিস্থিতিরও শঙ্কা রয়েছে।
সূত্র: Fox Weather























