
ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ‘নতুন বাংলাদেশের’ অভ্যুদয় ঘটেছে, তার সঙ্গে ‘নতুনভাবে’ সম্পৃক্ত হতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
জাতিসংঘে বাংলায় দেয়া ভাষণে তিনি বলেছেন, “গণতন্ত্র, আইনের শাসন, সমতা ও সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক সমাজ হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতা ব্যাপকতর ও গভীরতর করার আহ্বান জানাই।”
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবারের মতো বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে বক্তৃতা দিতে দাঁড়িয়ে অধ্যাপক ইউনূস বিশ্বনেতাদের উদ্দেশে বলেন, “আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সাথে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাই।”
অতীতের রেওয়াজ অক্ষুণ্ন রেখে প্রধান উপদেষ্টা এই বিশ্বসভায় তাঁর প্রথম ভাষণ দেন বাংলায়। ভাষণের শুরুর দিকেই তিনি বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং এর মাধ্যমে বাংলাদেশে সংঘটিত যুগান্তকারী পরিবর্তনের কথা তুলে ধরেন।























