
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতি করার জন্য বাংলাদেশে আর ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি আরও উল্লেখ করেন, শেখ হাসিনা দেশে থাকা সমর্থকদের সরকারবিরোধী আন্দোলনে উস্কানি দিচ্ছেন এবং শুধুমাত্র ফাঁসির কাষ্ঠে দাঁড়ানোর জন্যই দেশে ফিরতে পারবেন।
রবিবার জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, “জুলাই মাসের গণঅভ্যুত্থানে যেসব পুলিশ সদস্য মারা গেছেন, তার দায় শেখ হাসিনার।”
তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার আগে আন্দোলনকারী ছাত্র জনতার ওপর স্নাইপার দিয়ে গুলি চালানোর নির্দেশ দেন। তার নির্দেশের কারণে অনেক পুলিশ সদস্য নিহত হন।
তিনি আরও বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছিলাম, কিন্তু শেখ হাসিনা তা না করে রক্তের বন্যা বইয়ে দিয়েছেন। তার এ সিদ্ধান্তের কারণে সেদিন বহু পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন।”
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম টাইম ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনাকে সাইকোপ্যাথ এবং রক্তচোষা বলে আখ্যায়িত করেন এবং তার এ মন্তব্যের সত্যতা প্রমাণিত হয়েছে বলেও দাবি করেন।
তিনি আরও বলেন, “যারা আওয়ামী লীগের উস্কানিতে জনজীবন দুর্বিষহ করার চেষ্টা করছেন তাদের সতর্ক করা হচ্ছে। ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম ছাড়া নতুন বাংলাদেশ গঠন সম্ভব হবে না।”























