
তারল্য সংকটে থাকা ছয়টি আর্থিকভাবে দুর্বল ব্যাংককে মোট ১ হাজার ৬৪০ কোটি টাকা ঋণ দিয়েছে সোনালী ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। এই ঋণের মাধ্যমে ব্যাংকগুলোকে তারল্য সংকট কাটিয়ে কার্যক্রমে স্থিতিশীলতা ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পেয়েছে ৩৭৫ কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংক ৩০০ কোটি, ইউনিয়ন ব্যাংক ১৫০ কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংক ৯৫ কোটি, ন্যাশনাল ব্যাংক পিএলসি ৩২০ কোটি এবং এক্সিম ব্যাংক পিএলসি ৪০০ কোটি টাকা।
গত ২৫ সেপ্টেম্বর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের নেতৃত্বে ১০টি শক্তিশালী ব্যাংকের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে এই ঋণ সহায়তা প্রদান নিয়ে আলোচনা হয়। এসব ব্যাংকের মধ্যে সোনালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, পূবালী ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক এবং ব্যাংক এশিয়া ছিল।
সভায় সিদ্ধান্ত হয়, চাহিদা অনুযায়ী শক্তিশালী ব্যাংকগুলো তিন দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ঋণের অর্থ ফেরত চাইতে পারবে, এবং সুদের হার বর্তমান বাজার দরের ভিত্তিতে নির্ধারণ করা হবে।
বাংলাদেশ ব্যাংক আশাবাদী যে এই উদ্যোগ ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং আর্থিক খাতে আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে।























