
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র দুই সপ্তাহ বাকি, আর এ সময়ে প্রচারণার জন্য প্রার্থীরা নিজেদের ভিন্ন উপায়ে জনসম্মুখে আনছেন। ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস গতকাল রোববার দুটি গির্জায় গিয়ে উপস্থিত মানুষের সঙ্গে কথা বলেন, অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যান ফাস্ট ফুড রেস্তোরাঁ ম্যাকডোনাল্ডসে।
কমলা হ্যারিস এক সময় ম্যাকডোনাল্ডসে কাজ করতেন, এমন একটি তথ্য আগে জানিয়েছিলেন। তবে ট্রাম্প এই দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দেন। ট্রাম্প কমলার জন্মদিন উপলক্ষে ম্যাকডোনাল্ডসে গিয়ে নিজের সমর্থকদের উদ্দেশ্যে বলেন, কমলা আবারও মিথ্যা বলছেন।
তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে বেশিরভাগ অঙ্গরাজ্যে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন দুই প্রার্থী। কমলা হ্যারিস জর্জিয়ার আগাম ভোটারদের সামনে সহানুভূতিশীল ভবিষ্যতের জন্য ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, ট্রাম্প পেনসিলভানিয়ায় প্রচারণা চালিয়ে কমলাকে আঘাত করে বক্তব্য রেখেছেন।
ফিলাডেলফিয়ায় ম্যাকডোনাল্ডসের রেস্তোরাঁয় ট্রাম্প ফ্রেঞ্চ ফ্রাই ভাজেন এবং সমর্থকদের হাতে সেই ফ্রেঞ্চ ফ্রাই তুলে দেন। এ সময় তাঁকে দেখার জন্য অনেক মানুষ জড়ো হন। ট্রাম্প বলেন, ‘আমি এই কাজটি করে খুব মজা পেয়েছি।’























