
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে সম্প্রতি সিনিয়র সচিব পদমর্যাদায় নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত ও প্রবাসী সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে কূটনীতিক ও নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে পরিচয় করিয়ে দেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক অধ্যাপক ড. বদিউল আলম মজুমদার।
গত বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ওয়াশিংটন ডিসির “বাস বয় অ্যান্ড পয়েটস” এর হলরুমে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ড. বদিউল আলম মজুমদারের লেখা “টুডে আই স্য এ রেভ্যুলুশন: ফরম গ্রাস রুটস টু গ্লোবাল চেঞ্জ” বইয়ের প্রকাশনা উপলক্ষে “অ্যা কনভারসেশন উইথ ড. বদিউল আলম মজুমদার” শীর্ষক আলোচনাসভার আয়োজন করা হয়। বিশিষ্ট লেখক ক্যাথে বার্কের সঞ্চালনায় দারিদ্র্যবিমোচন সংস্থা হাঙ্গার প্রজেক্টের বোর্ড সদস্য ড. জন কনরড বইটি নিয়ে আলোচনা করেন এবং উপস্থিত অতিথিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ড. বদিউল আলম মজুমদার।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে পরিচয় করানোর সময় বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা এস ব্লুম বার্নিকাট, বিভিন্ন কূটনীতিক, ইউএসএআইডি ও অন্যান্য সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন গুণী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হলরুমে উপস্থিত সকলে রাষ্ট্রদূত মুশফিককে করতালি দিয়ে স্বাগত জানান। ড. বদিউল আলম মজুমদার মুশফিককে বাংলাদেশের সাহসী যোদ্ধা হিসেবে আখ্যায়িত করেন এবং বলেন, মুশফিক সবসময়ই সত্যের পক্ষে অবস্থান নিয়েছেন।
গণতন্ত্র রক্ষা এবং নাগরিক সমাজের ভূমিকা
ড. বদিউল আলম বলেন, বাংলাদেশের নাগরিক সমাজ গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে পূর্বের তুলনায় শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তাঁর বিশ্বাস। তিনি আরও উল্লেখ করেন, বিগত সরকারের সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। তিনি যখন এ বিষয়ে প্রতিবাদ করেছিলেন, তখন অনেকেই আশ্চর্য হয়েছিলেন যে তাঁকে ‘আয়না ঘরে’ কেন নেওয়া হয়নি।
নির্বাচন কমিশন সংস্কারের উদ্যোগ
অনুষ্ঠানে উপস্থিত একজন প্রবাসী বাংলাদেশির প্রশ্নের জবাবে ড. বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশন সংস্কারের জন্য আমাদের সচেষ্ট হতে হবে। উন্নত বাংলাদেশ গড়তে আমাদের সকলের ঐক্যমত থাকা জরুরি।
শান্তিপূর্ণ বাংলাদেশ গঠন
বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা এস ব্লুম বার্নিকাটের প্রশ্নের জবাবে ড. বদিউল আলম বলেন, আমরা শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছি এবং তাদেরকে সমঝোতার পথে আনতে কাজ করছি।























