
মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন সংক্রান্ত নানা প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে গিয়ে অনেকেই আইনি প্রতিনিধির প্রয়োজন অনুভব করেন। আপনি নিজেও USCIS (United States Citizenship and Immigration Services) এর ফরম পূরণ করে এই কাজ করতে পারেন। তবে সঠিক আইনি সহায়তা নেওয়ার জন্য একজন অভিজ্ঞ আইনজীবি বা প্রতিনিধি খুবই গুরুত্বপূর্ণ। সঠিক আইনি প্রতিনিধির মাধ্যমে আপনি আপনার মামলা পরিচালনা করতে পারবেন আরও সহজে এবং নিরাপদে।
আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরবো, যা আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্রে একজন অনুমোদিত আইনজীবী বা প্রতিনিধি নির্বাচন করতে সাহায্য করবে। আপনার আইনি প্রতিনিধি হতে হবে একজন আইনজীবী যিনি যুক্তরাষ্ট্রের কোনও রাজ্য বা অঞ্চল অথবা ডিসট্রিক্ট অফ কলাম্বিয়ার বারের একজন সদস্য। তিনি যেন আইনচালনার ক্ষেত্রে নিষিদ্ধ না হন এবং যুক্তরাষ্ট্রে আইন চর্চার যোগ্য হন। অন্যদিকে, আপনি এমন একজন প্রতিনিধি নিতে পারেন যিনি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগীয় অফিসের দ্বারা অনুমোদিত এবং স্বীকৃত সংস্থার জন্য কাজ করেন।
যেসব বিষয়ে একজন অনুমোদিত আইনজীবী আপনাকে সাহায্য করতে পারেন:
- কোন ফরমগুলো পূরণ করতে হবে এবং কবে পূরণ করতে হবে সে বিষয়ে পরামর্শ দিতে
- সঠিক নথি এবং প্রমাণাদি জমা দেওয়ার বিষয়ে সহায়তা করতে
- আপনার সামনে থাকা অভিবাসন বিকল্পগুলো ব্যাখ্যা করতে
- USCIS ফরমগুলো পূরণ করতে
- আপনার মামলার বিষয়ে USCIS-এর সঙ্গে যোগাযোগ করতে
আপনার আইনি প্রতিনিধি খুঁজে পেতে আমেরিকান বার অ্যাসোসিয়েশন আপনার রাজ্যে একজন আইনজীবী খুঁজে পেতে তথ্য প্রদান করে। মার্কিন বিচার বিভাগ (DOJ – Department of Justice) বিনামূল্যে বা সামান্য খরচে অভিবাসন পরিষেবা প্রদানকারী আইনজীবীদের তালিকা সরবরাহ করে। এছাড়াও DOJ অনুমোদিত প্রতিনিধি এবং স্বীকৃত সংস্থাগুলির তালিকা প্রদান করে। আপনার অনুমোদিত আইনি প্রতিনিধিকে আপনার দাখিল করা আবেদন, পিটিশন বা আপিলের সাথে ফর্ম G-28, আইনজীবী বা অনুমোদিত প্রতিনিধির উপস্থিতির নোটিশ ইত্যাদি দাখিল করতে হবে। যদি আপনার আইনি প্রতিনিধি থাকে, তবে USCIS আপনার মামলার বিষয়ে তথ্য আপনাকে এবং আপনার অনুমোদিত আইনি প্রতিনিধিকে পাঠাবে।
আইনজীবী নির্বাচন করার সময় আপনাকে নিম্নলিখিত বিষয়ে নিশ্চিত করতে হবে:
- আইনজীবী যে রাজ্যে কাজ করছেন, সেই রাজ্যের সর্বোচ্চ আদালতের সদস্য হওয়া উচিত এবং তিনি যেন আইনচালনার ক্ষেত্রে নিষেধাজ্ঞার সম্মুখীন না হন।
- আইনজীবী যেন কোন আদালতের আদেশ দ্বারা আইন চালনার ক্ষেত্রে সীমাবদ্ধ না হন।
- আইনজীবীকে বর্তমান লাইসেন্সের নথি দেখাতে বলুন এবং রাজ্যের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা থেকে যাচাই করুন যে তিনি আইন চালনার জন্য যোগ্য কিনা।
- বর্তমানে শাস্তিপ্রাপ্ত আইনজীবীদের তালিকা পরীক্ষা করুন। এই তালিকায় সেইসব ব্যক্তির নাম রয়েছে যারা USCIS-এর সামনে আইন চর্চা থেকে বহিষ্কার, নিষিদ্ধ বা স্থগিত হয়েছেন। তালিকায় যাদের নিষেধাজ্ঞা আছে, তারা আপনাকে আইনগত পরামর্শ দিতে অযোগ্য। যদি আইনজীবী নিষিদ্ধ হন কিন্তু দাবি করেন যে তাকে পুনর্বহাল করা হয়েছে, তাহলে EOIR থেকে পুনর্বহাল আদেশের কপিটি দেখতে বলুন।
সতর্কীকরণ
নোটারি, নোটারি পাবলিক, অভিবাসন পরামর্শদাতারা আপনাকে অভিবাসন সম্পর্কিত আইনগত পরামর্শ দিতে পারবেন না যদি তারা অনুমোদিত পরিষেবা প্রদানকারী না হয়। নোটারি শব্দটি অন্যান্য দেশে আইনজীবী হিসেবে পরিচিত হলেও মার্কিন যুক্তরাষ্ট্রে তা প্রযোজ্য নয়। তাই, অভিবাসন সমস্যায় সাহায্যের জন্য অর্থ প্রদানের আগে খুব সতর্ক থাকুন, বিশেষ করে যদি তারা একজন আইনজীবী বা EOIR- অনুমোদিত প্রতিনিধি না হন।
আপনার নিরাপত্তার জন্য সঠিক আইনি সহায়তার খোঁজ করুন এবং অভিবাসন প্রক্রিয়ায় যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করুন।























