
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্রজুড়ে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং ইতোমধ্যে অনেকেই আগাম ভোট দিয়েছেন। তবে আজকের মূল দিনটিতে ভোটাররা দলে দলে ভোটকেন্দ্রে যাচ্ছেন।
ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়েছে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার নিজের রাজ্য ফ্লোরিডার পাম বিচে ভোট দেবেন। রিপাবলিকান এই নেতা তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়াইয়ে নেমেছেন। প্রায় দুই বছর ধরে তিনি প্রচারণা চালিয়ে আসছেন হোয়াইট হাউস পুনরায় দখলে নেওয়ার জন্য।
সোমবার (৪ নভেম্বর) মধ্যরাতে মিশিগানের গ্র্যান্ড র্যাপিডস শহরে তার শেষ নির্বাচনী প্রচারণা শেষ করেন ট্রাম্প। ব্যস্ত প্রচারণা শেষে মঙ্গলবার সকালে তিনি ফ্লোরিডার পাম বিচে পৌঁছান এবং এখানকার একটি ভোটকেন্দ্রে ভোট দেবেন বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: সমর্থকদের জন্য ট্রাম্পের আশাবাদী বার্তা
প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সকাল ৫টা থেকে শুরু হয়, যার মধ্যে প্রথম রাজ্য হিসেবে ভোটগ্রহণ শুরু করে নিউ হ্যাম্পশায়ার। এবারের নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হিসেবে ট্রাম্প এবং ডেমোক্র্যাটিক প্রার্থী কমলার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।























