
যুক্তরাষ্ট্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়ে ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের চিফ অব স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিয়েছেন। নির্বাচনী প্রচারণায় জ্যেষ্ঠ উপদেষ্টার ভূমিকা পালনকারী সুসির এই নিয়োগের খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ট্রাম্প তার বিজয়ী ভাষণে সুসির প্রশংসা করেন, উল্লেখ করে বলেন, “সুসি নেপথ্যে থেকে অক্লান্ত পরিশ্রম করেন।” পরবর্তীতে এক বিবৃতিতে ট্রাম্প জানান, সুসি একজন কঠোর, মেধাবী, এবং উদ্ভাবনী নেতা, যিনি আমেরিকাকে গ্রেট করতে সহায়তা করবেন।
সামাজিক মাধ্যমে সুসিকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ট্রাম্প বলেন, “সুসি আমাদের দলকে নেতৃত্ব দিয়ে আমেরিকা ফার্স্ট এজেন্ডা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসাবে সুসি হবেন প্রথম নারী, যিনি এই দায়িত্ব পালন করবেন। সাধারণত, চিফ অব স্টাফ প্রেসিডেন্টের প্রশাসনিক কাজ, নীতি উন্নয়ন এবং বিভিন্ন নীতিগত বিষয়ের তত্ত্বাবধানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সুসি ওয়াইলস ১৯৮০ সালে রোনাল্ড রিগানের নির্বাচনি প্রচারণায় কাজ শুরু করে পরবর্তীতে ফ্লোরিডার গভর্নর নির্বাচনে অংশ নেন এবং ২০১৫ সালে ট্রাম্পের ফ্লোরিডা প্রচারণার সহসভাপতি হিসেবে কাজ করেন।























