
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করতে পারেন বলে ট্রাম্পের ঘনিষ্ট দুজন সিএনএনকে জানিয়েছেন। রুবিও বর্তমানে সিনেট ইন্টেলিজেন্স কমিটির ভাইস-চেয়ারম্যান এবং ফরেন রিলেশনস কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
যদিও সোমবার রাত পর্যন্ত ট্রাম্প আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি। একটি সূত্র জানিয়েছে, সোমবার সকালের ধারণায় রিক গ্রেনেলকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ভাবা হচ্ছিল, তবে পরে ট্রাম্পের পক্ষ থেকে রুবিওর দিকে বেশি মনোযোগ দেওয়া হয়েছে।
ট্রাম্পের প্রথম মেয়াদে গ্রেনেল জার্মানিতে রাষ্ট্রদূত এবং জাতীয় গোয়েন্দা সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক ছিলেন। তবে ট্রাম্প আনুষ্ঠানিক প্রস্তাব না দেওয়া পর্যন্ত যেকোনো সময় তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন বলে আরেকটি সূত্র জানিয়েছে।
রুবিও একজন দৃঢ় পররাষ্ট্রনীতির সমর্থক হিসেবে পরিচিত, যিনি ইরান ও চীনের প্রতি কঠোর অবস্থান বজায় রাখার পক্ষে। তিনি ইউক্রেনকে সমর্থন করলেও রাশিয়ার সঙ্গে দেশটির যুদ্ধের সমাপ্তির ওপর জোর দিয়েছেন।
২০১৬ সালে ট্রাম্প ও রুবিও রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনয়নের দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সেসময় নানা বিষয়ে তাদের মধ্যে মতবিরোধ ছিল। যদিও পরবর্তীতে রুবিও ট্রাম্পের পক্ষে প্রচারণায় যোগ দেন এবং তাকে সমর্থন করতে এগিয়ে আসেন।
রুবিও একজন কিউবান অভিবাসী দম্পতির সন্তান এবং ২০১০ সালে প্রথমবার সিনেটে নির্বাচিত হয়েছিলেন।























