
ডোনাল্ড ট্রাম্পকে সম্মান জানাতে ভারতের বিভিন্ন শহরে আরও ছয়টি ট্রাম্প টাওয়ার নির্মাণ করা হচ্ছে। দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের সংস্থা ট্রাম্প অর্গানাইজেশন এবং এর ভারতীয় অংশীদার ত্রিবেকা ডেভেলপার্সের যৌথ উদ্যোগে মুম্বাই, পুনে, গুরুগাঁও, বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং নয়ডায় এসব বহুতল ভবন নির্মাণ করা হবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালের আগেই এগুলোর নির্মাণকাজ শেষ হবে।
২০১৭ থেকে ২০২১ সালে প্রথম প্রেসিডেন্সি মেয়াদকালে ট্রাম্পের নামে ভারতের মুম্বাই, পুনে, গুরগাঁও এবং কলকাতায় ৪টি ট্রাম্প টাওয়ার নির্মিত হয়েছিল, যেগুলো আবাসিক ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। নতুন এই প্রকল্পগুলোর ভবনগুলোও আবাসিক ব্যবহারের জন্য নির্মাণ করা হবে।
ট্রাম্প তার দীর্ঘ ক্যারিয়ারে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রজুড়ে তার নামযুক্ত বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন রয়েছে। আমেরিকার বাইরে শুধুমাত্র ভারতেই ট্রাম্পের নামে আবাসিক প্রকল্প নির্মিত হয়েছে এবং ভবিষ্যতে আরও নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।























