
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা নিরসনের প্রচেষ্টায় জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানির সঙ্গে বৈঠক করেছেন টেসলা ও এক্সের মালিক ইলন মাস্ক। বৃহস্পতিবার দ্য নিউইয়র্ক টাইমস এ বৈঠকের খবর জানিয়েছে, যা বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার সূত্রপাত করেছে।
ইরানের একাধিক সূত্র জানায়, মাস্ক ও ইরাভানির এই বৈঠক ছিল ‘ইতিবাচক’। তবে মার্কিন প্রশাসন বা ইরানের মিশন থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, ইলন মাস্কের এ বৈঠক ট্রাম্প প্রশাসনের ইরান নিয়ে নতুন কূটনৈতিক দৃষ্টিভঙ্গিরই ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্পের প্রথম মেয়াদে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করা হলেও, এবার তিনি মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা নিতে আগ্রহী বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ইরানের পক্ষ থেকে বৈঠকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিয়ে বাণিজ্য পুনরায় শুরু করার আহ্বান জানানো হয়েছে। এই বৈঠক ভবিষ্যতে ইরান-মার্কিন সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা তৈরি করতে পারে।
গত মঙ্গলবার ট্রাম্প মাস্ককে নতুন ‘সরকারি দক্ষতা বিভাগ’-এর প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। এই পদে মাস্কের নিয়োগ তাকে সরকারি নীতিতে প্রভাব বিস্তারের সুযোগ দেবে বলে ধারণা করা হচ্ছে।























