
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় প্রশাসনের জন্য নতুনভাবে নেতৃত্ব নির্ধারণ করছেন। এর অংশ হিসেবে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি হিসেবে ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিটের নাম ঘোষণা করেছেন তিনি। এর ফলে, লেভিট যুক্তরাষ্ট্রের ইতিহাসে হোয়াইট হাউজের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হতে যাচ্ছেন।
লেভিটের নিয়োগ ও ট্রাম্পের মন্তব্য
ট্রাম্প লেভিটের এই নিয়োগের কথা ঘোষণা করে বলেন, “আমার ঐতিহাসিক প্রচারণায় জাতীয় প্রেস সচিব হিসেবে সে অসাধারণ কাজ করেছে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি হিসেবে তার নাম ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। ক্যারোলিন স্মার্ট, কঠোর পরিশ্রমী এবং তার যোগাযোগ দক্ষতা অসাধারণ।”
লেভিট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “আমি এই আস্থার জন্য গভীরভাবে কৃতজ্ঞ। চলুন একসঙ্গে আমেরিকাকে আবার মহান রাষ্ট্র হিসেবে গড়ে তুলি।”
লেভিটের পেশাগত জীবন
নিউ হ্যাম্পশায়ারের বাসিন্দা লেভিট সেন্ট অ্যানসেলম কলেজ থেকে যোগাযোগ ও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। পড়াশোনা চলাকালেই ফক্স নিউজ এবং ট্রাম্পের প্রথম প্রশাসনে হোয়াইট হাউজ প্রেস অফিসে ইন্টার্নশিপ করেন।
স্নাতক সম্পন্ন করার পর তিনি হোয়াইট হাউজের প্রেস অফিসে ‘প্রেসিডেনশিয়াল রাইটার’ এবং পরে সহকারী প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। হোয়াইট হাউজ ছাড়ার পর তিনি রিপাবলিকান কংগ্রেসওম্যান এলিস স্টেফানিকের যোগাযোগ পরিচালক হন। এ বছরের জানুয়ারিতে তিনি ট্রাম্পের প্রচার শিবিরে প্রেস সেক্রেটারি হিসেবে যোগ দেন।
ইতিহাস গড়ছেন লেভিট
ক্যারোলিন লেভিটের নিয়োগ যুক্তরাষ্ট্রের ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করেছে। এতদিন পর্যন্ত এই রেকর্ডটি ছিল রোনাল্ড জিগলারের, যিনি ১৯৬৯ সালে রিচার্ড নিক্সনের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মাত্র ২৯ বছর বয়সে।
লেভিটকে একজন কট্টর এবং সদা প্রস্তুত রাজনৈতিক মুখপাত্র হিসেবে বিবেচনা করা হয়। টেলিভিশন সাক্ষাৎকারে রিপাবলিকানদের নিয়ে আক্রমণাত্মক প্রশ্নের জবাবে তার দৃঢ় ও সুসংহত উত্তর দেওয়ার দক্ষতার জন্য তিনি পরিচিত।























