
বাংলাদেশে এবার অনুপ্রবেশ করেছে মায়ানমারের ৫৬ চাকমা ও তঞ্চঙ্গ্যা নাগরিক। তারা বর্তমানে কক্সবাজারের উখিয়ার কুতুপালংস্থ হিন্দু রোহিঙ্গা ক্যাম্প-সংলগ্ন এলাকায় জড়ো হয়ে আছেন।
তারা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে।
আজ সোমবার (১৮ নভেম্বর) উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার সকালে মায়ানমারের ৫৬ নাগরিক অনুপ্রবেশ করেছেন। তারা চাকমা, তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের মানুষ। বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অনুপ্রবেশকারীরা মায়ানমারের রাখাইন রাজ্য সংঘাতের কারণে বসবাসের অনুপযোগী হয়ে ওঠায় প্রাণ বাঁচাতে এখানে পালিয়ে এসেছেন বলে জানান।























