
দেশের রপ্তানিমুখী গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) এবং কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রামের মধ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি আয়োজন করা হয় গত ১৯ নভেম্বর ২০২৪, সকাল ১১:৩০ টায়, চট্টগ্রামের কাস্টমস বন্ড কমিশনারেটের সেমিনার হলে।
সভায় কাস্টমস বন্ড কমিশনারেটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাননীয় কমিশনার মোহাম্মদ সফি উদ্দিন, যুগ্ম কমিশনার মোহাম্মদ সালাহউদ্দিন রিজভী ও শাহেদ আহমেদ, উপ-কমিশনার সুমন চাকমা এবং সহকারী কমিশনার আবু হেনা মোস্তফা কামাল। অন্যদিকে বিজিএপিএমইএ-এর পক্ষ থেকে অংশগ্রহণ করেন ১ম সহ সভাপতি মোহাম্মদ শহিদুল্লাহ চৌধুরী এবং উপদেষ্টা খন্দকার লতিফুর রহমান আজিম। এ ছাড়া পরিচালকবৃন্দ মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, মো. আব্দুল ওয়াজেদ, বেলাল উদ্দিন (রবিন), সাবেক পরিচালক এম.এ সবুর এবং কাস্টমস কমিটির সদস্যবৃন্দ মোঃ সাহাবুদ্দিন, সাইফুল ইসলাম, রাহাতুল আমিন ও তৌফিকুল আলম সভায় অংশ নেন।
আলোচনার বিষয়
সভায় আলোচনায় উঠে আসে ননবন্ড প্রতিষ্ঠানের বিপরীতে ইউপি ইস্যু, পণ্যের সরবরাহ, নতুন লিয়েন ব্যাংক সংযোজনের জটিলতা এবং লোকাল ব্যাক টু ব্যাক এলসির পেমেন্ট জটিলতার বিষয়সমূহ। এছাড়া ব্যবসায়িক মন্দা পরিস্থিতিতে আইনের বদলে ব্যবসাবান্ধব দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো বিবেচনার আহ্বান জানানো হয়। অতিরিক্ত কমিশনার/যুগ্ম কমিশনারের নেতৃত্বে বিজিএমইএ, বিকেএমইএ, সিসিসিআই এবং বেপজার সমন্বয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন করার বিষয়ে বিজিএপিএমইএ প্রস্তাব করে।
কমিশনারের প্রতিশ্রুতি
কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মোহাম্মদ সফি উদ্দিন সভায় উপস্থিত সবার বক্তব্য গুরুত্বসহকারে শোনেন। তিনি ধৈর্য ধারণ করে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং সকল সমস্যার আইনানুগ সমাধানের প্রতিশ্রুতি দেন।























