
সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে দীর্ঘ এক যুগ পর অংশগ্রহণ করলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এ উপলক্ষে তাকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “বেগম খালেদা জিয়াকে এখানে আনতে পেরে আমরা গর্বিত।”
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।
ড. মুহাম্মদ ইউনূস তার বক্তব্যে বলেন, “আজকে আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে, বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনে অংশগ্রহণের সুযোগ পাননি। আজকে তিনি সুযোগ পেয়েছেন, আমরা সবাই আনন্দিত এবং গর্বিত।”
তিনি আরও যোগ করেন, “শারীরিক অসুস্থতা সত্ত্বেও বিশেষ এই দিবসে অংশগ্রহণ করায় তাকে ধন্যবাদ জানাই এবং তার আশু রোগমুক্তি কামনা করি।”
দীর্ঘ বিরতির পর প্রকাশ্যে খালেদা জিয়া
২০১৮ সালের পর এই প্রথম প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশ নিলেন খালেদা জিয়া। এর আগে সর্বশেষ ২০১২ সালে তিনি সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এবং বেগম খালেদা জিয়াকে পাশাপাশি বসে হাস্যোজ্জ্বলভাবে কুশল বিনিময় করতে দেখা যায়।
এবারের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ২৬ নেতাকে সেনাকুঞ্জে আমন্ত্রণ জানানো হয়। গত ৫ আগস্ট রাষ্ট্রপতি খালেদা জিয়ার সাজা স্থগিত করার পর এই প্রথম তিনি কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিলেন।
এছাড়াও এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন ছাত্র আন্দোলনের নেতারা। ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং উপদেষ্টা মাহফুজ আলম। বিএনপি চেয়ারপারসন জুলাই-আগস্টে ছাত্রদের অবদানের কথা স্মরণ করেন।
কুশল বিনিময় শেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে তিনটি ছবি শেয়ার দিয়ে লেখেন, ‘আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত।’
























