
মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের দাবানলে কমপক্ষে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কয়েক ডজন মানুষ। হাজারেরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। দ্রুত ছড়িয়ে পড়া এই দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে জানা গেছে।
পলিসেডস, ইটন, হার্স্ট ও উডলি- এই চার জায়গায় জ্বলতে থাকা দাবানল নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। দমকা বাতাসে আগুন নেভানোর চেষ্টা ব্যাহত হচ্ছে। বাতাসে আগুন আরও বেড়ে যাচ্ছে।
গত মঙ্গলবার শুরু হওয়া দাবানল আরও বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে।
লস এঞ্জেলসের পূর্বদিকের অভিজাত এলাকা প্যাসিফিক পলিসেডসে সবচেয়ে বড় দাবানলে ৫ হাজারের বেশি একর জমি পুড়ে গেছে। আগুন ছড়িয়ে পড়তে থাকায় ৩৭ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই দাবানলে দুইজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয় পাসাদেনা শহরের কাছে ইটন কাউন্টিতে। আহতদের কারও কারও অবস্থা গুরুতর। দাবানলে সেখানে ২ হাজারের বেশি একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। এ পর্যন্ত সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে ৩২ হাজার ৫০০ মানুষকে।
লস অ্যাঞ্জেলসের উত্তরপশ্চিমাঞ্চলীয় সান ফারনান্দো ভ্যালির সিলমার এলাকার কাছে হারস কাউন্টির আগুন গ্রাস করেছে ৫০০ একর জায়গা। সরিয়ে নেওয়া হয়েছে তিন হাজার মানুষকে। আর উডলি’র দাবানলে পুড়ে গেছে ৭৫ একর এলাকা।























