
কানাডার পুলিশ এক বাংলাদেশী কিশোরীর মরদেহ উদ্ধার করেছে নিখোঁজ হওয়ার এক মাস পর। তবে পুলিশ এ ঘটনায় তদন্ত চলছে জানিয়ে বলেছে, তার শরীরে কোনো ধরনের অসামঞ্জস্য চিহ্ন পাওয়া যায়নি।
নিধুয়া মুক্তাদির নামের ১৯ বছর বয়সী কিশোরীটি এক মাস আগে টরন্টোতে নিখোঁজ হয়। তিনি ফানশাওয়ে কলেজের নার্সিংয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সংবাদপত্র দ্যা লন্ডন ফ্রি প্রেস কিশোরীটির মরদেহ গত শনিবার (৪ জানুয়ারি) পোর্ট ব্রুসের সৈকত থেকে উদ্ধার করা হয় বলে জানায়।
তার মা সামিনা নাসরিন চৌধুরী একজন বাংলাদেশী লেখক ও উপস্থাপক যিনি কানাডায় বসবাস করেন।
নিধুয়া ৯ বছর বয়সে কানাডায় আসার পর থেকেই স্কারবরো’র ক্রিসেন্ট টাউনে তার পরিবারের সাথে বসবাস করে আসছিলেন।
তিনি অন্টারিওর লন্ডন এলাকা থেকে নিখোঁজ হন গত ৪ ডিসেম্বর।
নিখোঁজ হওয়ার এক দিন আগে তাকে পোর্ট স্ট্যানলি’র প্রায় পাঁচ কিলোমিটার উত্তরপূর্বে হক ক্লিফ রোডে দেখা গিয়েছিল।
নিধুয়া নিখোঁজ হওয়ার পর তার খোঁজে অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশের ডুবুরি ও ড্রোন ব্যবহার করে ব্যাপক অনুসন্ধান চালানো হয়।
গত ৪ জানুয়ারি ওয়ানিতা বিচে এক নাগরিক তার মরদেহ খুঁজে পাওয়ার পর অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশ সেটি শনাক্ত করে গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি)।
পুলিশ নিধুয়ার মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
তার মা সামিনা তার মেয়ের সঙ্গে শেষবার ২৯ নভেম্বর কথা হয়েছিল বলে জানান।























