
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (১৮ জুলাই) নাভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনী প্রচারে গিয়ে তাঁর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, বাইডেন করোনার মৃদু উপসর্গে ভুগছেন।
করোনা শনাক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ব্যবহৃত এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজ করে ডেলাওয়ার অঙ্গরাজ্যের উদ্দেশে রওনা দেন তিনি। তারপর থেকে আইসোলেশনে আছেন তিনি। উড়োজাহাজে ওঠার আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি ভালো বোধ করছি।’
যুক্তরাষ্ট্রের তথ্যমন্ত্রী কারিন জন-পিয়ের জানিয়েছেন, বাইডেনকে টিকা দেওয়া হয়েছে এবং শারীরিক অবস্থা ঠিক রাখার জন্য আরও কিছু ওষুধ দেওয়া হয়েছে। এর আগেও তিনি দুইবার কোভিডে আক্রান্ত হয়েছিলেন। ডেলাওয়ারে নিজের বাসা থেকে তিনি এখন দায়িত্ব পালন করবেন।
এমন সময় বাইডেন করোনা আক্রান্ত হলেন, যখন আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে নিজ দল ডেমোক্রেটিক পার্টির মধ্যেই তাঁর ওপর চাপ বাড়ছে। ৮১ বছর বয়সে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে লড়তে তিনি কতটা সক্ষম, তা নিয়ে তোলা হচ্ছে বিভিন্ন প্রশ্ন। গত মাসে ট্রাম্পের সঙ্গে বিতর্কে বিপর্যয়ের পর থেকে সে প্রশ্ন আরও জোরদার হয়েছে।























