
বিদেশি বিনিয়োগকারীদের জন্য ‘গোল্ড কার্ড’ আনার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই কার্ড কিনলে পাওয়া যাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। তবে কার্ডটি কিনতে খরচ করতে হবে ৫০ লাখ ডলার যা বর্তমান বাজারে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ কোটি টাকা।
তিনি গতকাল মার্কিন ‘ইবি-৫’ অভিবাসী বিনিয়োগকারী ভিসাকে ‘গোল্ড কার্ডে’ পরিণত করার এ ভাবনার কথা জানান বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
ইবি-৫ কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া বিদেশিদের ‘গ্রিন কার্ড’ পাওয়া যেত যার মাধ্যমে দেশটিতে স্থায়ী বসবাসের সুযোগ পাওয়া যেত।
ট্রাম্প বলেন, “এই কার্ড আপনাকে গ্রিন কার্ডের সুযোগসুবিধা দেবে, সঙ্গে করে দেবে নাগরিকত্ব পাওয়ার পথ। ধনী লোকজন এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবে”।
দুই সপ্তাহের মধ্যে এই কর্মসূচির বিস্তারিত প্রকাশিত হবে বলে জানান তিনি।
এই গোল্ড কার্ডের সুযোগ রুশ অলিগার্করা পাবে কি না, এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “হ্যাঁ, পেতে পারে। আমি ক’জন রুশ অলিগার্ককে চিনি, যারা চমৎকার মানুষ।”
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন বিভাগ ইউএসসিআইএস-এর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ‘বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও তাদের অর্থে মার্কিন অর্থনীতিকে চাঙা করতে’ ১৯৯০ সালে মার্কিন কংগ্রেস এই ভিসা কর্মসূচি শুরু করেছিল।























