
বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করার কথা ভাবছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
এ তালিকায় তিনটি পৃথক গ্রুপে মোট ৪১টি দেশের নাম আছে।
দেশগুলোর মধ্যে প্রথম গ্রুপে থাকা ১০টি দেশের নাগরিকদের ভিসার ক্ষেত্রে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। এ তালিকাতে আফগানিস্তানের পাশাপাশি আছে ইরান, কিউবা ও উত্তর কোরিয়ার নাম।
দ্বিতীয় গ্রুপে আছে ৫টি দেশ— ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার ও দক্ষিণ সুদান। এসব দেশের জন্য থাকতে পারে আংশিক নিষেধাজ্ঞা। এ কারণে দেশগুলোর বাসিন্দাদের অভিবাসী ভিসা, ট্যুরিস্ট ও স্টুডেন্ট ভিসা পেতে ঝামেলা হবে তবে কিছু ছাড়ও থাকবে।
শেষ গ্রুপে থাকা ২৬টি দেশের মধ্যে থাকতে পারে বেলারুশ, পাকিস্তান, তুর্কমেনিস্তানের নাম। ‘৬০ দিনের মধ্যে দেশগুলোর সরকার নিরাপত্তা তথ্য সংক্রান্ত ঘাটতি মেটাতে পর্যাপ্ত ব্যবস্থা না নিলে’ এসব দেশের নাগরিকদের ভিসায় আংশিক নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনা করতে পারে ট্রাম্প প্রশাসন।
এ তালিকায় রদবদল হতে পারে এবং এখন পর্যন্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ প্রশাসনের শীর্ষ কর্তারা এর অনুমোদন দেননি বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা।























