
সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা তাদের নানাবিধ সমস্যা ও হয়রানির অভিযোগ তুলে ধরেছেন চট্টগ্রামের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায়। তারা আমিরাতে বাংলাদেশ মিশনগুলোর বিরুদ্ধে দুর্নীতি, কমিউনিটির মধ্যে বিরোধ সৃষ্টি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ উত্থাপন করেন।
রোববার (৯ মার্চ) চট্টগ্রামের জিইসি মোড়ের কপার চিমনী রেস্টুরেন্টে আয়োজিত এই মতবিনিময় ও ইফতার মাহফিলে এসব বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ এসোসিয়েশন দুবাই-এর ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব ইয়াকুব সুনিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমিরাত প্রবাসী নেতারা বলেন, প্রবাসে বাংলাদেশিদের অপরাধ প্রবণতা বাড়ছে, যার মধ্যে রয়েছে ডকুমেন্টেশন জালিয়াতি, কিশোর গ্যাং গঠন এবং ভিসা সংক্রান্ত জটিলতা।
তারা আমিরাতে একটি বাংলাদেশি স্কুল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন এবং এই উদ্যোগে প্রবাসী ব্যবসায়ী ও সরকারের সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে গণমাধ্যম কর্মীদেরও সহায়তা প্রত্যাশা করেন তারা।
সভায় বক্তব্য রাখেন চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমের নেতৃস্থানীয় সাংবাদিকরা, যাদের মধ্যে ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, বাংলা নিউজের ডেপুটি এডিটর তপন চক্রবর্তী, দৈনিক পূর্বকোণের চীফ রিপোর্টার মোহাম্মদ সাইফুল ইসলাম, দৈনিক যুগান্তর চট্টগ্রাম ব্যুরো প্রধান শহিদুল্লাহ শাহরিয়ার, প্রথম আলো চট্টগ্রাম অফিসের হেড অব নিউজ আশরাফ উল্লাহ রুবেলসহ অন্যান্য বিশিষ্ট সাংবাদিকরা।
ইফতার মাহফিলে প্রবাসী ব্যবসায়ী মো. জসিম উদ্দিন, নাসিম উদ্দিন চৌধুরী, আবদুল মোনাফসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রবাসী সাংবাদিক ও সময় টেলিভিশনের আমিরাত ব্যুরো প্রধান শিবলী আল সাদিক।























