
বাংলা নববর্ষকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সংগঠন নিউ ইয়র্কে আয়োজন করতে যাচ্ছে মঙ্গল শোভাযাত্রা।
‘অশুভের দুয়ারে শুনি জনতার রণধ্বনি’ এই স্লোগানে আগামী ১২ এপ্রিল শনিবার ‘সম্মিলিত বর্ষবরণ মঙ্গল শোভাযাত্রা উদযাপন পরিষদ’-এর আয়োজনে জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হবে এই বর্ষবরণ উৎসব।
গত ৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে শোভাযাত্রাটির ব্যাপারে প্রস্তুতির বিভিন্ন তথ্য তুলে ধরেন পরিষদের সদস্য-সচিব মুজাহিদ আনসারী।
তিনি জানান, ইতোমধ্যে ৩০টিরও বেশি প্রবাসী সংগঠন শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য তালিকাভুক্ত হয়েছে। আরও অনেকের সঙ্গে আলোচনা চলছে। আয়োজনে স্থানীয় প্রশাসনের অনুমতিও নেওয়া হয়েছে।”
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা ও কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায় এবং উপদেষ্টামণ্ডলীর সভাপতি সৈয়দ মোহাম্মদউল্লাহ।
রথীন্দ্রনাথ রায় বলেন, “আমাদের পরিকল্পনা রয়েছে বর্ষবরণ উপলক্ষ্যে একটি পোস্টার ও স্মারকগ্রন্থ প্রকাশের। নিউ ইয়র্কের এই শোভাযাত্রায় বাংলার লোকজ নকশা, মুখোশ ও মোটিফ তুলে ধরার চেষ্টা চলছে। অংশগ্রহণকারী সংগঠনগুলোর জন্য তৈরি করা হচ্ছে ঐতিহ্যবাহী পোস্টার ও প্ল্যাকার্ড।”
এ সময় আরও বক্তব্য দেন সাগর লোহানী, সঞ্জীবন কুমার, রামদাস ঘরামী, আলী হাসান কিবরিয়া অনু, জাকির হোসেন বাচ্চু এবং ওবায়দুল্লাহ মামুন।























