
পাল্টাপাল্টি শুল্কারোপের ঘটনায় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ বেড়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান চীনের এই বাণিজ্য যুদ্ধের উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র ভ্রমণে নাগরিকদের সতর্ক করেছে চীন। সেইসাথে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদেরকেও নিরাপত্তার ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়েছে দেশটি।
চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে ভ্রমণ নির্দেশিকায় বলেছে, “চীন ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের অবনতি এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত পরিস্থিতিতে চীনা পর্যটকদেরকে যুক্তরাষ্ট্র ভ্রমণের ঝুঁকি পরিপূর্ণভাবে মূল্যায়ন করা ও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।”
চীনের শিক্ষামন্ত্রণালয়ও যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ার বিষয়ে চীনা শিক্ষার্থীদেরকে সতর্ক করে দিয়ে একটি নির্দেশিকা প্রকাশ করেছে। এতে যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যে চীন ও যুক্তরাষ্ট্রের শিক্ষাবিষয়ক বিনিমিয় ও সহযোগিতা কর্মসূচির ওপর সাম্প্রতিক একটি বিলের কথা উল্লেখ করা হয়েছে।
ওই বিলে চীনের শিক্ষামূলক কিংবা গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলা কিংবা অংশীদারিত্ব চুক্তি নবায়ন করা নিষিদ্ধ করা হয়েছে যদি সেই প্রতিষ্ঠানগুলো আগে থেকেই উল্লেখযোগ্য নিরাপত্তাব্যবস্থা না নিয়ে থাকে।
তাছাড়া, চীনের সঙ্গে সম্পৃক্ত কোনো সংগঠন থেকে কোনো ধরনের উপহার, অবদান কিংবা অনুদান নেওয়াও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য নিষিদ্ধ করা হয়েছে বিলে।
চীনের শিক্ষামন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “সব শিক্ষার্থীরই উচিত ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট ওইসব রাজ্যে পড়তে যাওয়ার পরিকল্পনা করার সময় ভালোভাবে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিচার-বিবেচনা করে দেখা এবং পূর্বসতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আরও বেশি সজাগ হওয়া।”























