
ফেইসবুক-টিকটকে ‘ক্রিম আপা’ নামে পরিচিত শারমিন শিলা নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশের রাজধানী ঢাকার সাভার উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে ভিডিও কনটেন্ট বানাতে জোর করে সন্তানদের ব্যবহার ও আঘাত-উৎপীড়নের অভিযোগ রয়েছে।
শারমিন শিলার বিরুদ্ধে সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান বুধবার (৯ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে শিশুকে আঘাত, উৎপীড়ন ও অশালীনভাবে প্রদর্শনের অভিযোগে শিশু আইনের ৭০ ধারায় মামলা করেন।
এজাহারে অভিযোগ করা হয়, ‘ক্রিম আপা’ নামে পরিচিত শারমিন শিলা পেশায় বিউটিশিয়ান, থাকেন আশুলিয়া থানা এলাকায়। তিনি বিভিন্ন ধরনের ক্রিম বিক্রি করেন। নিজের ছেলেমেয়েকে নিয়ে ভিডিও বানিয়ে অনলাইনে পোস্ট করেন।
গত ৩০ মার্চ তার নিজের ফেইসবুক আইডিতে পোস্ট করা একটি ভিডিও ভাইরাল হয়।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, শারমিন তার শিশু মেয়েকে জোর করে এক হাত দিয়ে মুখ চেপে ধরে হা করিয়ে জোর করে কেক জাতীয় কিছু খেতে বাধ্য করছেন। শিশুদের ক্যামেরার সামনে এনে জোর করে চুলকাটা, রঙ করা, কানে ভারী দুল পরানো, শিশুদের মুখে কুলকুচি করা, গালিগালাজ করা, থাপ্পড় ও শারীরিক কষ্ট দিয়ে নিয়মিত ভিডিও তৈরি করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ বাড়িয়ে অনলাইনে টাকা আয়ের জন্য নিজের সন্তানদের ক্যামেরার সামনে এনে নানাভাবে এসব নিষ্ঠুর আচরণ করতেন তিনি।
মামলায় অভিযোগ করা হয়, ভাইরাল হওয়ার জন্য এক বছর ধরে দুই শিশু সন্তানের প্রতি মাতৃসুলভ আচরণ না করে শিশুদের আঘাত, উৎপীড়ন, অবহেলাসহ তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করছেন শারমিন। এ ধরনের আচরণের কারণে শিশুরা শারীরিক ও মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ছে।























