Google search engine

পাকিস্তানিদের ৭২ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গত ২২ এপ্রিল মঙ্গলবার জঙ্গি হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে নেওয়া কঠোর পদক্ষেপগুলো একে একে বাস্তবায়ন শুরু করেছে ভারত। চিকিৎসা ভিসা সহ পাকিস্তানের নাগরিকদের সব ধরনের ভিসা বাতিল করেছে দিল্লি।

অপরদিকে, ভারতের নেয়া পদক্ষেপের বিরুদ্ধে পাকিস্তানও ভারতবিরোধী ৮টি পদক্ষেপ নিয়েছে।

পাকিস্তানিদেরকে ৭২ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত। পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রমও স্থগিত করা হয়েছে। তাছাড়া, পাকিস্তানে থাকা ভারতীয় নাগরিকদের দ্রুত দেশে ফেরারও পরামর্শ দিয়েছে নয়াদিল্লি।

কাশ্মীরের পেহেলগামের পর্যটনস্থলে মঙ্গলবারের জঙ্গি হামলার পর গতকাল বুধবার (২৩ এপ্রিল) এক জরুরি বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি কঠোর সিদ্ধান্ত নেয় ভারত।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পাকিস্তানের নাগরিকদের জন্য মঞ্জুর করা সব ভিসা বাতিল হবে আগামী রবিবার (২৭ এপ্রিল) থেকে।

পাকিস্তানি নাগরিকদেরকে দেওয়া চিকিৎসা ভিসার মেয়াদও থাকবে আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল) পর্যন্ত। পাকিস্তানের যেসব নাগরিক বর্তমানে ভারতে অবস্থান করছেন তাদেরকে ভিসার এই মেয়াদ শেষ হওয়ার আগে অবশ্যই ভারত ছাড়তে হবে।

এই হিসাবে যে সব পাকিস্তানিকে ভিসা মঞ্জুর করা হয়েছে তারা ভারত ছাড়ার জন্য ৭২ ঘণ্টা সময় পাবেন। ওদিকে, পাকিস্তানি নাগরিকদের ভিসা মঞ্জুর কার্যক্রম বন্ধের ফলে সেদেশের বাসিন্দারা ভারত ভ্রমণ করতে পারবেন না।

ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় ভারতীয় নাগরিকদেরকে পাকিস্তান ভ্রমণ এড়িয়ে চলারও কড়া বার্তা দিয়েছে। তাছাড়া ভারতীয় যেসব নাগরিক পাকিস্তানে আছেন তাদেরকে যত দ্রুত সম্ভব ভারতে ফিরতে বলেছে মন্ত্রণালয়।

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলার ঘটনায় পাকিস্তান-ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার শাখা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) দায় স্বীকার করলেও পাকিস্তানের দাবি, কাশ্মীরে হামলার ঘটনায় তাদের কোনো যোগ নেই।

এদিকে, হামলার ঘটনার জেরে ভারতের পাঁচ পদক্ষেপের পাল্টায় আট পদক্ষেপ নিয়েছে পাকিস্তান।

পাশাপাশি দীর্ঘ এক বিবৃতিতে ভারতের একাধিক নীতির কড়া সমালোচনাও করেছে দেশটি। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের নেওয়া ৮টি পদক্ষেপের মধ্যে আছে:

১. ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ, ২. ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ, ৩. ওয়াঘা সীমান্ত বন্ধ, ৪. সিন্ধুর পানি বন্ধকে যুদ্ধ বলে গণ্য করা, ৫. ভারতের সঙ্গেকার শিমলা চুক্তিসহ সব চুক্তি স্থগিত, ৬. ভারতীয়দের সব সার্ক ভিসা বাতিল, ৭. ভারতীয়দের ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ, ৮. ভারতের প্রতিরক্ষা, নৌ ও বায়ু উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণাসহ ভারতীয় দূতাবাসের সদস্য সংখ্যা কমানো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest