
দীর্ঘ প্রায় চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে বাংলাদেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আগামী মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তাকে বহন করে আনবে কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স।
বিএনপির মিডিয়া সেল রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, দলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও প্রস্তুতি চলছে তাকে অভ্যর্থনা জানাতে। বিমানবন্দরে উপস্থিত থাকবেন দলের সিনিয়র নেতারা, গণমাধ্যমকর্মীরা এবং হাজারো কর্মী-সমর্থক।
সোমবার লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবেন খালেদা জিয়া। সেখানে তাকে বিদায় জানাবেন তার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এদিকে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তিগত অনুরোধে কাতারের আমির এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। এ প্রসঙ্গে খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান নিজের ফেসবুক পোস্টে লিখেছেন,
“কাতারের সরকার, রাজপরিবার এবং বাংলাদেশে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা। বিএনপির আবেদনে এবং ইউনূস সরকারের অনুরোধে কাতারের আমির এই সহায়তা দিয়েছেন।”
তিনি আরও উল্লেখ করেন, “চিকিৎসার উদ্দেশ্যে ম্যাডাম জিয়ার যাওয়া এবং ফেরার জন্য উন্নত প্রযুক্তিসম্পন্ন এই এয়ার অ্যাম্বুলেন্স সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হয়েছে, যা মহান আল্লাহর করুণা।”























