
যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসীর প্রায় আড়াই লাখ সন্তানের ভাগ্য এখন নির্ভর করছে দেশটির সরকারের করুণার ওপর। এসব সন্তান তাদের বাবা-মায়ের সঙ্গে ছোটবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিল। বর্তমানে তাদের বয়স ২১ বছর। এখন তারা সবাই তাদের বাবা-মায়ের দেশে ফেরত পাঠানোর ঝুঁকিতে রয়েছেন। গত বৃহস্পতিবার (২৬ জুলাই) হোয়াইট হাউস এই আইন প্রণয়নের জন্য রিপাবলিকানদের দায়ী করেছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ পিয়ের এক নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, “আমি সিনেটে দ্বি–দলীয় সমঝোতার কথা বলেছি, যেখানে তথাকথিত ‘ডকুমেন্টেড ড্রিমার্স’দের সহায়তার করার জন্য একটি প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। দুঃখের বিষয়, রিপাবলিকানরা পরপর দুইবারই এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন।”
গত মাসে সিনেটর অ্যালেক্স প্যাডিলার নেতৃত্বে অভিবাসন, নাগরিকত্ব এবং সীমান্ত নিরাপত্তা বিষয়ক সিনেট বিচার বিভাগীয় উপকমিটি এবং রিপ্রেজেনটেটিভ ডেবোরা রসসহ ৪৩ জন আইন প্রণেতার একটি দ্বিদলীয় দল বাইডেন প্রশাসনকে আড়াই লাখের বেশি ‘ডকুমেন্টেড ড্রিমার্স’কে রক্ষা করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। দীর্ঘমেয়াদি ভিসাধারীদের সন্তানরা, যারা পরিবারের ‘নির্ভরশীল’ সদস্য হিসেবে আছেন, তাঁদের বয়সসীমা পেরিয়ে যাওয়ায় স্ব–নির্বাসনে বাধ্য হওয়ার ঝুঁকিতে আছেন।
গত ১৩ জুন কমিটি এক চিঠিতে বাইডেন প্রশাসনকে জানায়, “এই তরুণেরা মার্কিন যুক্তরাষ্ট্রে বেড়ে উঠেছেন, আমেরিকান স্কুল সিস্টেমে তাঁদের শিক্ষা শেষ করেছেন এবং আমেরিকান প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়ে স্নাতক হয়েছেন। কিন্তু গ্রিনকার্ড দেওয়ার প্রক্রিয়ায় দীর্ঘ জটিলতার কারণে পরিবারগুলোকে প্রায়ই স্থায়ী বাসিন্দার মর্যাদা পাওয়ার জন্য কয়েক দশক অপেক্ষায় থাকতে হয়।”























