
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ড. মুহাম্মদ ইউনূস ছাত্রদের ও আমাদের মনোনীত নেতা, যাকে আমরা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি। তিনি এই দায়িত্ব পালন করবেন।”
আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) পঙ্গু হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. ইউনূসের প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।
ছাত্রদের উদ্যোগে মুগ্ধ হয়ে মির্জা ফখরুল বলেন, “ছাত্ররা দেশের জন্য যেভাবে কাজ করেছে, তা দেখে আমি অভিভূত। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তারা সাহসী ভূমিকা পালন করেছে।”
আহতদের খোঁজখবর নিতে গিয়ে তিনি আরও বলেন, “এই আন্দোলনে অসংখ্য ছাত্র ও সাধারণ মানুষ আহত হয়েছে। আমি যে দৃশ্য দেখেছি, তা বর্ণনার অতীত। শিশু থেকে শুরু করে শ্রমিক পর্যন্ত সবাই আহত হয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে একই অবস্থা।”
তিনি আরও বলেন, “এই ভয়াবহ দানবীয় সরকার ছাত্র আন্দোলনের মাধ্যমে পতন ঘটেছে। ছাত্রদের সাহসিকতার জন্য আমি স্যালুট জানাই।”
আশাবাদ ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, “আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি এবং সহযোগিতার আশ্বাস দিয়েছি।”























