
ভারতীয় পাহাড়ি ঢলের তীব্র তোড়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর প্লাবিত হয়েছে, এবং আশেপাশের অন্তত ১০টি গ্রামে পানি উঠে গেছে। পানির তোড়ে আখাউড়া-আগরতলা সড়কের একটি সেতু ভেঙে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) রাত থেকে আখাউড়ায় ভারী বর্ষণ শুরু হয়। সকালে বন্দরের পাশ দিয়ে বয়ে যাওয়া খাল দিয়ে ভারত থেকে প্রচণ্ড বেগে পানি ঢুকতে থাকে, যার ফলে আখাউড়া স্থলবন্দরসহ বাউতলা, বীরচন্দ্রপুর, কালিকাপুর, বঙ্গেরচর, সাহেবনগরসহ অন্তত ১০টি গ্রামে পানি ঢুকে পড়ে। এতে গাজীরবাজার এলাকার অস্থায়ী সেতুটি ভেঙে যায়, ফলে আখাউড়া-আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এর আগে, মঙ্গলবার খলাপাড়া এলাকায় হাওড়া নদীর বাঁধের কিছু অংশ ভেঙে পানি ঢুকতে শুরু করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. জালাল উদ্দিন জানান, সকালে ভারত থেকে তীব্র বেগে পানি ঢুকতে শুরু করে, ফলে আখাউড়া-আগরতলা সড়কের অস্থায়ী সেতুটি ভেঙে যায় এবং কয়েকটি গ্রাম প্লাবিত হয়।
ইউএনও গাজালা পারভীন বলেন, বেশ কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে গেছে, তবে এলাকাবাসী মিলে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করেছেন। সেতুটি মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগকে খবর দেওয়া হয়েছে, তবে সেতুটি দ্রুত যান চলাচলের উপযোগী করা সম্ভব হবে না।























